মনোজ বাজপেয়ির অর্থনীতিবিষয়ক থ্রিলার ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’ প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া না পেলেও ওটিটিতে এসে নতুন করে সাফল্যের মুখ দেখেছে। ১২ জুন মুক্তির পর ছবিটি বক্স অফিসে মাত্র সাড়ে ৭ কোটি রুপি আয় করে ফ্লপের তালিকায় জায়গা করে নেয়।
চিন্ময় মান্ডলেকর পরিচালিত সিনেমাটি ১৯৯১ সালের ভারতের অর্থনৈতিক সংকট এবং তৎকালীন রিজার্ভ ব্যাংক গভর্নর এস ভেঙ্কটারমনের বাস্তবজীবন থেকে অনুপ্রাণিত। জটিল রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটের কারণে বড় পর্দায় সাধারণ দর্শকের মধ্যে ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি।
তবে ২৪ জুলাই প্রাইম ভিডিওতে রেন্টাল হিসেবে মুক্তির পরই চিত্র বদলাতে শুরু করে। রেন্টাল চার্টে শীর্ষে ওঠার পর ৭ আগস্ট নিয়মিত সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত হয় সিনেমাটি। এরপর ভারতের প্রাইম ভিডিওর ‘মোস্ট ট্রেন্ডিং’ সিনেমার তালিকায় এক নম্বরে উঠে আসে ‘গভর্নর’।
দেশের গভীর অর্থনৈতিক সংকটের সময়ে এক প্রশাসনিক কর্মকর্তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কীভাবে পরিস্থিতি বদলে দেয়, সেই গল্পই উঠে এসেছে সিনেমাটিতে। কেন্দ্রীয় চরিত্রে মনোজ বাজপেয়ির অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা পাচ্ছে। এতে অভিনয় করেছেন আদা শর্মা, মধু ও জিগার সিংসহ আরও অনেকে।