নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন দীর্ঘ পাঁচ বছর পর আবারও সিনেমার গানে ফিরেছেন। মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে তানজিনা রুমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন, আর সুর ও সংগীত করেছেন আনোয়ার শিকদার টিটন।
২০২১ সালে ‘শত্রু’ সিনেমায় গান করার পর চলচ্চিত্রের গানে আর পাওয়া যায়নি আগুনকে। নতুন গান প্রসঙ্গে টিটন জানান, চলচ্চিত্রের সোনালি দিনের এই শিল্পীকে মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছিল। আগুনও গানটি পছন্দ করে আনন্দের সঙ্গে রেকর্ডিং সম্পন্ন করেছেন।
খান আতাউর রহমানের ছেলে আগুনের চলচ্চিত্রে গানের অভিষেক হয় সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘জীবন সংসার’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’সহ বহু জনপ্রিয় সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি।