শৈশব থেকেই গানের প্রতি ছিল নাজনীন হাসান খানের গভীর আগ্রহ। মাত্র ৫ বছর বয়সে গান শেখা শুরু করে বাফা থেকে নজরুলসংগীতে সার্টিফিকেটও অর্জন করেন তিনি। তবে সময়ের পরিক্রমায় গায়িকা হওয়ার স্বপ্ন বদলে যায় নির্মাতা হওয়ার পথে।
সম্প্রতি ‘এনটিভির নিমন্ত্রণে’ অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের পথচলার গল্প জানান নাজনীন। তিনি বলেন, প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সান্নিধ্য থেকেই নাটক নির্মাণের প্রতি আগ্রহ তৈরি হয়। লেখালেখির মাধ্যমে নির্মাণে হাতেখড়ি এবং ২০১০ সালের আগেই নাটক নির্মাণ শুরু করেন তিনি।
নারী নির্মাতা হিসেবে কাজের চ্যালেঞ্জের কথাও তুলে ধরে নাজনীন জানান, সন্তান-সংসার সামলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করা কঠিন। তবে স্বামীর উৎসাহ ও সহযোগিতা তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। পুরস্কার ও বিচারকের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, পুরস্কারের জন্য কেউ কাজ না করলেও ভালো কাজের স্বীকৃতি কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয়। পাশাপাশি পর্দার আড়ালে থাকা সব সহকর্মীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।