১৯৯৭ সালের শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘কয়লা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর চরম আর্থিক সংকটে পড়েছিলেন নির্মাতা-প্রযোজক রাকেশ রোশন। তার ছেলে হৃতিক রোশন এক পুরনো সাক্ষাৎকারে বাবার সেই কঠিন সময়ের স্মৃতি তুলে ধরেছেন।
হৃতিক জানান, সিনেমাটির ব্যর্থতার পর রাকেশ তার জীবনের সঞ্চয় ও উপার্জনের বড় অংশ হারিয়েছিলেন। এমনকি একদিন বাবাকে ভেঙে পড়ে বলতে শুনেছিলেন, ‘আমি আমার সব হারিয়ে ফেলেছি।’ বাবার চোখে সেদিন প্রথমবার পানি দেখেছিলেন বলেও জানান হৃতিক।
তবে সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ নির্মাণ করেন রাকেশ। ছবিটির সাফল্যে হৃতিক রাতারাতি তারকা হয়ে ওঠেন। পরে ‘কই মিল গ্যায়া’ ও ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আবারও বলিউডে নিজের অবস্থান শক্ত করেন রাকেশ রোশন।