মার্কিন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ এবং তার স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ ‘ওয়ান্ডার মাইন্ড’-এর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করেছেন পাঁচ বিনিয়োগকারী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দায়ের করা মামলায় সেলেনার পাশাপাশি তার মা ও প্রতিষ্ঠানের সহ-প্রধান নির্বাহী ম্যান্ডি টিফি এবং সাবেক ব্যবসায়িক পার্টনার ড্যানিয়েল পিয়ারসনকেও আসামি করা হয়েছে।
বিনিয়োগকারীদের অভিযোগ, সেলেনার তারকাখ্যাতি ও বিশাল অনুসারীকে কেন্দ্র করে তারা প্রতিষ্ঠানটিতে ১২ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন। কিন্তু প্রতিষ্ঠানটির আর্থিক ও অভ্যন্তরীণ সংকটের বিষয়ে তাদের জানানো হয়নি।
মামলায় সিকিউরিটিজ জালিয়াতি, প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিনিয়োগের অর্থ ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণ ও আইনি খরচও দাবি করেছেন তারা।