রবীন্দ্রসংগীত শিল্পী ও সংগঠক সেলিনা মালেক চৌধুরী ছায়ানট সংগীতবিদ্যায়তনের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত শুক্রবার (১৪ আগস্ট) বিশেষ শিক্ষকসভায় তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
২০২৫ সালের মার্চে ছায়ানটের সভাপতি ও সংগীতবিদ্যায়তনের অধ্যক্ষ সন্জীদা খাতুনের মৃত্যুর পর তৃতীয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন সেলিনা মালেক। এর আগে প্রতিষ্ঠানটির প্রথম অধ্যক্ষ ছিলেন ওস্তাদ মতিউর রহমান খান (মতি মিয়া), পরে দায়িত্ব নেন সন্জীদা খাতুন।
ছায়ানটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে সেলিনা মালেকের। ১৯৬৮ সালে বিদ্যায়তনের প্রথম আবর্তে রবীন্দ্রসংগীত বিভাগে প্রথম হয়ে মতি মিয়া স্বর্ণপদক অর্জন করেন তিনি। পরে শিক্ষকতা, কোষাধ্যক্ষ ও সংগঠক হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন এই রবীন্দ্রসংগীত শিল্পী।