দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনয়জীবনের ৫১ বছর পূর্ণ করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ‘অপূর্ব রাগাঙ্গাল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। শুরুতে পার্শ্বচরিত্র ও খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রধান তারকা হিসেবে।
৫১ বছর পূর্তি উপলক্ষে নতুন সিনেমা ‘ধরমন’-এর সেটে কেক কেটে রজনীকান্তের বর্ণাঢ্য ক্যারিয়ার উদযাপন করেন পরিচালক অশ্বথ মারিমুথু, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমায় অভিনয় করে তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত হয়েছেন।
বর্তমানে ‘ধরমন’ সিনেমার শুটিং করছেন রজনীকান্ত। এটি তার ১৭৩তম সিনেমা। অশ্বথ মারিমুথু পরিচালিত ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন সিমরান বাগ্গা, রাশি খান্না ও যোগী বাবু। এ সিনেমার কাজ শেষ করে ‘জেলার ২’-এ দেখা যাবে এই ‘থালাইভা’ তারকাকে।