তামিল তারকা সুরিয়ার সময়টা যেন দুর্দান্ত কাটছে। ‘কারুপ্পু’র পর এবার তাঁর নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-ও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ১৪ আগস্ট মুক্তির পর মাত্র দুই দিনেই সিনেমাটির বৈশ্বিক আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। এটি সুরিয়ার ক্যারিয়ারে দ্রুততম শতক।
ভেঙ্কি আতলুরি পরিচালিত সিনেমাটির গল্প শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ী সঞ্জয় বিশ্বনাথকে ঘিরে। মায়ের ইচ্ছা পূরণে সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার পর সন্তানের অসুস্থতার কারণে সারোগেট মা ম্যাডির সঙ্গে তাঁর যোগাযোগ হয়। একসময় অর্থের সম্পর্ক পেরিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সুরিয়ার বিপরীতে ম্যাডি চরিত্রে অভিনয় করেছেন মমিতা বাইজু। বয়সের বড় ব্যবধান ও সারোগেসির মতো সামাজিকভাবে সংবেদনশীল বিষয় নিয়ে নির্মিত সিনেমাটি বিভিন্ন ট্যাবু ভাঙার চেষ্টার জন্য প্রশংসা পাচ্ছে। সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় ১৩০ কোটি রুপি।