সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘন, ‘কালা হিরান’ টিজার সরানোর নির্দেশ

Share

সালমান খানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগে ‘কালা হিরান’ সিনেমার টিজার ও প্রচারণামূলক উপকরণ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

 

সালমানের অভিযোগ, সিনেমাটির টিজারে তার ব্যক্তিসত্তাকে অনুমতি ছাড়াই বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে। এমনকি ‘আয়ান খান’ নামের কাল্পনিক চরিত্রটি মূলত তাকে উপস্থাপন করে বলেও দাবি করেন তিনি। টিজারে তার অভিনীত ‘দাবাং’ ও ‘সিকান্দার’ সিনেমার পাশাপাশি কৃষ্ণসার হরিণ শিকার মামলার বিষয়ও তুলে ধরা হয়েছে।

 

হাইকোর্টের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সিনেমাটির প্রযোজক অমিত জনি। তার দাবি, ব্যক্তিস্বত্বের নামে নির্মাতাদের সৃজনশীল স্বাধীনতা সীমিত করা উচিত নয়। এতে চলচ্চিত্র নির্মাণ, সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে শিল্পসম্মত উপস্থাপনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

২৭ জুলাই হাইকোর্ট টিজার ও সংশ্লিষ্ট প্রচারণামূলক উপকরণ সরানোর নির্দেশ দিয়েছিলেন।