পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিকের সিক্যুয়েলে এবার তার জীবনের বিতর্কিত অধ্যায়গুলো তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। মাইকেলের চরিত্রে অভিনয় করা তার ভাইপো জাফর জ্যাকসন জানিয়েছেন, দ্বিতীয় কিস্তিতে ১৯৯০-এর দশক থেকে জীবনের শেষ সময় পর্যন্ত বিভিন্ন ঘটনা এবং তার বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো স্থান পেতে পারে। প্রথম সিনেমায় মাইকেলের শৈশব, ভাইদের সঙ্গে সংগীতচর্চা ও একক শিল্পী হিসেবে উত্থানের গল্প দেখানো হয়েছিল, যা ১৯৮৮ সালের ‘ব্যাড’ অ্যালবামের সময় পর্যন্ত এগোয়। এবার সিক্যুয়েলে অভিযোগগুলোর পাশাপাশি মাইকেলের নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরার কথা জানিয়েছেন জাফর। চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।