শনিবার ঢাকার মঞ্চ মাতাবেন প্রীতম হাসান

Share

দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান দীর্ঘ বিরতির পর আবারও ঢাকার মঞ্চে ফিরছেন। আগামী শনিবার (২৯ আগস্ট) মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘মনসুন বিটস’ উৎসবে গান গাইবেন তিনি। গত ছয়-সাত মাসে দেশের কোনো মঞ্চে দেখা যায়নি প্রীতমকে। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় দুটি দীর্ঘ মিউজিক্যাল ট্যুর করেছেন। ফলে ঢাকার মঞ্চে তার প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘মনসুন বিটস’ আয়োজন করছে এনভিরো ইভেন্টস। বর্ষার আবহ উদযাপনের এ আয়োজনে প্রীতমের পাশাপাশি থাকছে ব্যান্ড আর্টসেল, অড সিগনেচার ও রেনেসাঁ। একক পরিবেশনায় থাকবেন ডিজে শিমার ও শিবু। উৎসবে গান ছাড়াও বর্ষাকেন্দ্রিক নানা আয়োজন থাকবে। টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইতে, যার মূল্য ৮০০ টাকা। এ আয়োজনের খবর নিজের ফেসবুকেও জানিয়েছেন প্রীতম।