বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহর অভিনয়ের প্রতি নিবেদনের এক চমকপ্রদ গল্প সামনে এনেছেন অভিনেতা গুলশান গ্রোভার। তার দাবি, ১৯৮১ সালের ‘চক্র’ সিনেমায় চরিত্রের গভীরে ঢুকতে প্রায় দেড় থেকে দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ। ‘দ্য কপিল শর্মা শো’-তে গুলশান জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নাসিরুদ্দিন শাহর এই অভিনয়-নিষ্ঠার কথা শুনে তিনি বিস্মিত হয়েছিলেন। মুম্বাইয়ের বস্তিজীবন ও দারিদ্র্যের পটভূমিতে নির্মিত ‘চক্র’ সিনেমায় নাসিরুদ্দিনের চরিত্র ছিল ছোটখাটো অপরাধী ‘লুক্কা’। চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতেই তিনি এমন প্রস্তুতি নিয়েছিলেন বলে জানান গুলশান।