আইটেম গান ‘কিসমত’ গেয়ে ও নেচে নতুন করে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী দোলা রহমান। ২৩ আগস্ট প্রকাশিত গানটির ভিডিও ইতোমধ্যে শ্রোতাদের সাড়া পাচ্ছে। গানের পাশাপাশি নাচেও নিয়মিত কাজ করতে চান এই শিল্পী। সেমি ক্লাসিক্যাল থেকে আইটেম—বিভিন্ন ঘরানায় গান করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন দোলা। ভাই অদিত রহমানের সঙ্গে ‘প্রজেক্ট অদিতেরিয়ানস’-এর মাধ্যমে সেমি ক্লাসিক্যাল ও ফিউশনধর্মী গানও করছেন তিনি। পাশাপাশি সিনেমা ও নাটকে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন। তবে নিজের কাছে মানানসই চরিত্র না হলে অভিনয়ে রাজি হতে চান না দোলা। আগামী দিনেও ভালো ও ভিন্নধর্মী কাজ উপহার দেওয়াই তার লক্ষ্য। শিগগিরই নতুন কয়েকটি গানও প্রকাশিত হবে বলে জানিয়েছেন এই শিল্পী।