দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা সৃজিত মুখার্জির ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার টিজার প্রকাশ হয়েছে। এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে টোটা রায়চৌধুরীর লুক নজর কেড়েছে। টিজারে একদিকে লেখক শরৎচন্দ্র, অন্যদিকে ‘সব্যসাচী’ চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে দেখা গেছে। মিমি চক্রবর্তীসহ তারকাবহুল এই সিনেমায় উঠে আসবে সাহিত্য, রাজনীতি, ব্রিটিশবিরোধী আন্দোলন ও স্বাধীনতার আকাঙ্ক্ষার সময়কাল। ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষের প্রাক্কালে নির্মিত সিনেমাটিতে শরৎচন্দ্রের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশসহ তৎকালীন আরও কয়েকজন ঐতিহাসিক ব্যক্তিত্বের চরিত্রও থাকছে। ছবিটি পরিচালনার পাশাপাশি সংগীত ও সাউন্ডট্র্যাকের দায়িত্বও নিয়েছেন সৃজিত। আবহসংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ঐতিহাসিক চরিত্রগুলোর রূপায়ণে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কাজও বিশেষভাবে আলোচনায় এসেছে।