কিংবদন্তি চার কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, গীতা দত্ত ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালজয়ী গান এবার শোনা যাবে ফারহিন খান জয়িতার কণ্ঠে। রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক বাংলা গানেও নিজের দক্ষতা তুলে ধরতে এই বিশেষ আয়োজন করেছেন তিনি। ‘এ ট্রিবিউট টু দ্য কুইন অব মেলোডি’ শিরোনামের সংগীতানুষ্ঠানটি আজ রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে। রাত ৮টায় শুরু হওয়া আয়োজনে চার কিংবদন্তি শিল্পীর জনপ্রিয় গান পরিবেশন করবেন জয়িতা। অনুষ্ঠানে তার সঙ্গে থাকবেন লিড গিটারিস্ট আহনাফ খান অনিক, পারকাশনিস্ট রাফিউল হক অন্তর এবং বেস গিটারিস্ট ও পিয়ানো শিল্পী ফারশিদ আলম। জয়িতা আশা করছেন, ভিন্নধর্মী এই সংগীতায়োজন শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।