নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশের পর থেকেই সিয়াম আহমেদের চরিত্র নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। এবার নিজের নতুন লুক প্রকাশ করে সেই রহস্য কিছুটা উন্মোচন করেছেন অভিনেতা। জানিয়েছেন, সিনেমায় তার চরিত্রের নাম ‘দেলোয়ার’।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ‘আন্ধার’-এর ফার্স্ট লুক টেস্টের ছবি শেয়ার করেন সিয়াম। গাঢ় লাল আলোর আবহে দাড়ি, উসকোখুসকো চুল ও গম্ভীর অবতারে দেখা গেছে তাকে। এর আগে টিজারেও লাশের সামনে দাঁড়ানো ও অ্যাকশন দৃশ্যে সিয়ামের উপস্থিতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছিল। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিন। চলতি বছরের অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘আন্ধার’-এর।