যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। অসুস্থ মায়ের পাশে থাকা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সেখানেই অভিনয়ের কাজও করছেন তিনি। এরই মধ্যে নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’-এ যুক্ত হওয়ার খবর এসেছে। এর আগে যুক্তরাষ্ট্রে নির্মিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মৌসুমী। কাজটি শুরুতে টেলিফিল্ম বা ওয়েব কনটেন্ট হিসেবে পরিকল্পিত হলেও পরে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়া হয়। বিষয়টি নিয়ে মৌসুমী ও তার স্বামী ওমর সানী ক্ষোভ প্রকাশ করেছিলেন। নতুন সিনেমাটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ‘আ বিউটিফুল লাই’ মূলত একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প, যার ঘটনাপ্রবাহ একটি মিথ্যাকে কেন্দ্র করে এগোবে। শুরুতে টেলিফিল্ম ভাবা হলেও পরে এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শককে উপভোগ্য একটি গল্প উপহার দেওয়ার আশাবাদ জানিয়েছেন মৌসুমী।