দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরেছেন জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। আর ফিরেই দর্শকের ভালোবাসায় সাড়া ফেলেছে তাদের নতুন নাটক ‘কাবিননামা’। ৪ সেপ্টেম্বর ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তির পর মাত্র তিন দিনেই নাটকটির ভিউ ছাড়িয়েছে ৫৬ লাখ। দর্শকদের বড় একটি অংশ ইয়াশ-তটিনীর অভিনয় ও পর্দার রসায়নের প্রশংসা করেছেন। দীর্ঘদিন একসঙ্গে নাটকে দেখা না যাওয়ায় এই জুটিকে নিয়ে দর্শকের আগ্রহ ছিল বেশ। ‘কাবিননামা’র সাফল্যে সেই আগ্রহেরই প্রতিফলন দেখা গেছে। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা ও মুহিত তমালসহ অনেকে।