চলচ্চিত্র নির্মাণের খুঁটিনাটি শেখাতে মাস্টারক্লাস আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘অন্য ছবি’ শীর্ষক এই আয়োজনে প্রশিক্ষণ দেবেন চার তরুণ নির্মাতা—মেজবাউর রহমান সুমন, তানিম নূর, রায়হান রাফী ও মোহাম্মদ তাওকীর ইসলাম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে মাস্টারক্লাসগুলো অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী ও নির্মাতারা অংশ নিতে পারবেন। আগ্রহীদের ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। নিজ নিজ অভিজ্ঞতা থেকে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপ ও কৌশল নিয়ে প্রশিক্ষণ দেবেন চার নির্মাতা। আবেদন করতে নাম, জীবনবৃত্তান্ত বা চলচ্চিত্রের তালিকা, নির্মিত চলচ্চিত্রের প্রিভিউ লিংক ও মোবাইল নম্বরসহ প্রশিক্ষণ বিভাগের পরিচালক বরাবর আবেদন করতে হবে।