চার নির্মাতার চার গল্পে ‘লাস্ট স্টোরিজ ৩’

Share

ভালোবাসা, আকাঙ্ক্ষা, ঘনিষ্ঠতা ও আধুনিক সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে ফিরছে জনপ্রিয় অ্যান্থলজি ফ্র্যাঞ্চাইজি ‘লাস্ট স্টোরিজ’। নেটফ্লিক্স জানিয়েছে, সিরিজটির তৃতীয় কিস্তি আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে। এবারের কিস্তিতে থাকছে চার নির্মাতার চারটি আলাদা গল্প। বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ নিজেদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে গল্পগুলো নির্মাণ করেছেন। প্রতিটি গল্পেই উঠে আসবে সম্পর্ক, আকাঙ্ক্ষা, দুর্বলতা ও না-বলা আবেগের নানা দিক।অভিনয়ে রয়েছেন রাধিকা আপ্তে, কঙ্কণা সেন শর্মা, অদিতি রাও হায়দরি, রাধিকা মদন, সানা থাম্পি, বিজয় বর্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ, আলী ফজল ও গুরফতেহ পিরজাদা। বিক্রমাদিত্য মোতওয়ানের গল্পে দেখা যাবে রাধিকা আপ্তে, কঙ্কণা সেন শর্মা, বিজয় বর্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিরণ রাওয়ের গল্পে গুরফতেহ পিরজাদা ও নবাগত সানা থাম্পি, শকুন বাত্রার গল্পে আলী ফজল ও রাধিকা মদন এবং বিশাল ভরদ্বাজের গল্পে থাকছেন সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দরি। গল্পগুলো আলাদা হলেও সব কাহিনির কেন্দ্রে রয়েছে মানুষের ব্যক্তিগত সম্পর্ক ও আবেগের জটিলতা। ঘনিষ্ঠতা, আকাঙ্ক্ষা, ক্ষমতার ভারসাম্য, আপস ও দুর্বলতার মতো বিষয়গুলোই নতুন কিস্তিতে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উঠে আসবে।