আট বছর পর বলিউডে ফিরেছেন প্রীতি জিনতা। দীর্ঘ বিরতিতে সিনেমাকে মিস না করে পরিবার, সন্তান ও মাতৃত্বকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। ১৮ বছর বয়স থেকে টানা কাজ করার পর এই বিরতিকে জীবনের ভিন্ন এক অধ্যায় হিসেবে উপভোগ করেছেন অভিনেত্রী। প্রীতি ও জিন গুডএনাফের চার বছর বয়সী যমজ সন্তান জিয়া ও জয়। সন্তানদের তারকাখ্যাতির আলো থেকে দূরে রেখে সাধারণ পরিবেশে বড় করতে চান প্রীতি। তার মতে, শৈশব যেন আলোচনার কেন্দ্রে না আসে এবং সন্তানদের জন্য পর্যাপ্ত সময় দেওয়াই এখন তার অন্যতম বড় দায়িত্ব। দীর্ঘ বিরতির পর উপযুক্ত গল্প ও চরিত্র পেয়েই অভিনয়ে ফিরেছেন প্রীতি। ‘বাটওয়ারা ১৯৪৭’-এর পর কুনাল খেমুর ‘ভাইব’ সিনেমায় তাকে অ্যাকশন-কমেডি চরিত্রে দেখা যাবে। আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে ছবিটির।