অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী এবার প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ‘সোলজার’ সিনেমায়। ‘মিশন এক্সট্রিম’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর ‘নূর’সহ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। ‘সোলজার’-এর বেশিরভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং শিগগিরই শুরু হবে। চরিত্রের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করছেন ঐশী, এমনকি ওজনও বাড়াচ্ছেন। শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ঐশী জানান, সহশিল্পী হিসেবে শাকিব বেশ সহযোগিতাপরায়ণ। শুটিংয়ের পর তিনি কাজ নিয়ে পরামর্শ দিয়েছেন এবং কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন। প্রায় ১০ দিন তার সঙ্গে শুটিং করে শাকিবের পেশাদারত্ব ও সিনেমার প্রতি মনোযোগ তাকে মুগ্ধ করেছে বলেও জানান ঐশী। ‘সোলজার’ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। তার মতে, শাকিবের জনপ্রিয়তা, পরিচালকের কাজ এবং নিজের চরিত্রে অভিনয়ের সুযোগ—সব মিলিয়ে সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে ভবিষ্যতে শুধু একটি ধরনের চরিত্রে আটকে থাকতে চান না ঐশী। চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে এমন সিনেমার অংশ হতে চান, যা দেখে দর্শক চরিত্রটি নিয়ে ভাববে।