মাত্র ১৬ বছর বয়সেই ইতিহাস গড়েছেন থাইল্যান্ডের রকশিল্পী নেনে রয়্যাল। ‘আমেরিকাস গট ট্যালেন্ট’-এর ২১তম মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে তিনি প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম থাই বিজয়ী হয়েছেন। নেনের আসল নাম রাট্টিকান আমলোয়। ফাইনালে দ্য হোয়াইট স্ট্রাইপসের ‘সেভেন নেশন আর্মি’ গানটি রক ও মেটাল ঘরানায় পরিবেশন করে বাকি ৯ প্রতিযোগীকে পেছনে ফেলেন তিনি। অডিশনে দ্য ক্র্যানবেরিজের ‘জম্বি’ গান পরিবেশন করে শুরুতেই ব্যাপক সাড়া পেয়েছিলেন নেনে। বিজয়ের পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩২ লাখ টাকা। ফল ঘোষণার পর আবেগে মঞ্চে হাঁটু গেড়ে কেঁদে ফেলেন এই কিশোরী। মাত্র সাত বছর বয়সে গিটার শেখা শুরু করা নেনে ফুকেটের নাকা উইকেন্ড মার্কেটে নিয়মিত পথসংগীত পরিবেশন করতেন। ‘আমেরিকাস গট ট্যালেন্ট’-এর আগে স্থানীয়ভাবে পরিচিত এই কিশোরী এখন আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর জয়ে থাইল্যান্ডজুড়েও তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।