সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর তার অসমাপ্ত সিনেমাগুলো শেষ করতে বিনা পারিশ্রমিকে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন চিত্রনায়ক আমিন খান। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, সালমানের মৃত্যুর দিন এফডিসিতে প্রযোজক-পরিচালকদের কান্না ও অনিশ্চয়তা দেখে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। আমিন খান বলেন, গল্পের মোড় পরিবর্তনের সুযোগ থাকলে সালমানকে বাদ দিয়ে তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে তিনি প্রস্তুত ছিলেন। এতে ক্ষতিগ্রস্ত প্রযোজক-পরিচালকেরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতেন এবং প্রয়াত বন্ধুর প্রতিও এক ধরনের দায়িত্ব পালন হতো বলে মনে করেছিলেন তিনি। তবে গল্প পুনর্বিন্যাসের সুযোগ থাকায় শেষ পর্যন্ত শুধু ‘স্বপ্নের নায়ক’ সিনেমায় যুক্ত হতে পেরেছিলেন আমিন খান। সালমানের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় না করলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলেও জানান তিনি। প্রয়াত বন্ধুর স্মৃতিচারণ করে আমিন বলেন, সালমান যেখানেই থাকুক, ভালো থাকুক—এটাই তার সবসময়কার চাওয়া।