সালমান খান অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তির পথে আরও এক ধাপ এগিয়েছে। সংশোধিত সংস্করণ দেখে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিনেমাটিকে অনাপত্তিপত্র দিয়েছে বলে গণমাধ্যমের খবর। তবে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য এখনও কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের অনুমোদন প্রয়োজন। আগে ‘ব্যাটেল অব গালওয়ান’ নামে পরিচিত সিনেমাটির বিষয়বস্তু নিয়ে আপত্তির পর চিত্রনাট্যে বড় পরিবর্তন আনা হয়েছে। পরিচালক অপূর্ব লাখিয়া নতুন করে গল্প সাজিয়েছেন। এমনকি প্রায় ৪০ শতাংশ দৃশ্য পুনরায় ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সংশোধিত সংস্করণে গালওয়ান সংঘাত ও চীন-সংক্রান্ত সরাসরি উল্লেখ বাদ দিয়ে কাল্পনিক দৃশ্য, গান ও রোমান্টিক অংশ যুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে। তবে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার ওপরই মুক্তির সময় নির্ভর করছে।