কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত মিছিলে অংশ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে আয়োজিত এ কর্মসূচিতে পশ্চিমবঙ্গের রাজনীতিক, নারী বিধায়ক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে অংশ নেন।
মিছিলে জয়ার পাশাপাশি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তীসহ আরও অনেকে। কর্মসূচির ছবি-ভিডিও ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের নাগরিক হয়ে কলকাতার এমন আয়োজনে অংশ নেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ সমালোচনা করলেও অনেকে নারীর নিরাপত্তার দাবিকে সার্বজনীন উল্লেখ করে জয়ার উদ্যোগের প্রশংসা করেছেন।