দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক সম্মান ও বিশ্বাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। স্বামী আলি ফজলের সঙ্গে সম্পর্ক নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি। রিচা জানান, বিয়ের পর তাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ আলোচনা এখন সংসার ও সন্তানকে ঘিরে। ২০২২ সালে বিয়ে করা এই দম্পতির ২০২৪ সালে কন্যাসন্তান জুনেইরা ইদার জন্ম হয়। বাবা-মা হওয়ার পর তাদের জীবনযাপনেও এসেছে পরিবর্তন। অভিনেত্রীর মতে, একই ছাদের নিচে বসবাস করলে মতের অমিল ও অভ্যাসের পার্থক্য সামনে আসাই স্বাভাবিক। তবে পারস্পরিক সম্মান ও বিশ্বাস থাকলে সম্পর্কের কঠিন সময়গুলো সামলানো সম্ভব। রিচা আরও বলেন, বিশ্বাস শুধু সঙ্গী অনুগত থাকার বিষয় নয়; বরং প্রয়োজনের সময় পাশে থাকার নিশ্চয়তাও এর অংশ। তার মতে, কোনো সম্পর্কে সম্মান না থাকলে সেটি দীর্ঘস্থায়ী হতে পারে না।