সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নানা মুহূর্তের ছবি ও অনুভূতি শেয়ার করেছেন দেশের কয়েকজন তারকা। শুটিংয়ের ফাঁকে কাশফুলের সৌন্দর্য উপভোগ করেছেন ফারুক আহমেদ। অন্যদিকে, ‘এটা আমাদেরই গল্প’ নাটকের জুটি সুনেরাহ্ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করছেন। ইরফানের সঙ্গে ছবি দিয়ে সুনেরাহ্ মজা করে লিখেছেন, ‘মাফ করে দিলাম, আবার আমরা একসঙ্গে।’ অগ্নিদগ্ধ হওয়ার তিন বছর পরও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন শারমীন আঁখি। সুস্থতাকে জীবনের সবচেয়ে বড় নিয়ামত উল্লেখ করে সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার কথা জানিয়েছেন তিনি। এদিকে তমা মির্জা ভক্তদের দিয়েছেন আত্মবিশ্বাস ও কৃতজ্ঞতার বার্তা। আর মা হতে যাওয়া মৌসুমী হামিদ পুরোনো ভ্রমণের ছবি প্রকাশ করে আবারও ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।