গুজব, ট্রল কিংবা নেতিবাচক খবর—এসব নিয়ে খুব একটা বিচলিত নন শেহনাজ গিল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তাঁকে ঘিরে চমকপ্রদ শিরোনাম তৈরি করে অনেকেই ভিউ পাওয়ার চেষ্টা করেন। তাই কোনো মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হলে বিষয়টি রসিকতার সঙ্গেই নেন তিনি। নিজের স্বতঃস্ফূর্ত হাস্যরস নিয়ে শেহনাজ বলেন, এর পেছনে তাঁর পাঞ্জাবি শিকড়ের প্রভাব রয়েছে। তাঁর ভাষায়, ‘আমি কমেডি করি না, কমেডি হয়ে যায়।’ সংবাদমাধ্যমের সামনে কীভাবে কথা বলা বা আচরণ করা উচিত—এমন পরামর্শ পেলেও নিজের স্বভাব বদলাতে চান না তিনি। শেহনাজ জানান, বিমানবন্দরে দুজন আলাদা ব্যক্তি একই দিনে তাঁর সঙ্গে শ্রদ্ধা কাপুরের তুলনা করেছিলেন। তাঁদের মতে, দুজনেই নিজেদের মতো থাকেন এবং নিজেদের ভাষা ও শিকড়কে ভালোবাসেন। এই মন্তব্যে নিজের স্বাভাবিক থাকার সিদ্ধান্তের প্রতি আরও আস্থা পেয়েছেন শেহনাজ। অভিনেত্রীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণা হওয়া। তিনি বলেন, কেউ যখন তাঁর পথচলার সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান বা তাঁর কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা জানান, তখনই নিজেকে বিশেষ মনে হয়।