শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মিত সৃজিত মুখার্জির ঐতিহাসিক সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের। নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতায় তাদের কাছ থেকেও শিখছেন এই নির্মাতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৃজিত জানান, দিব্যাণীর কাছ থেকে ইনস্টাগ্রামে রিলস তৈরি ও গ্রিড সাজানোর মতো বিষয় শিখছেন তিনি। তাঁর মতে, নতুন প্রজন্ম সমাজ, রাজনীতি, সম্পর্ক ও সংগীত নিয়ে ভিন্নভাবে ভাবছে, যা তাঁদের মাধ্যমে নতুন করে জানার সুযোগ হয়েছে। সৃজিত জানান, উপন্যাসের ভারতী চরিত্রের সরল ও নিষ্পাপ দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলতেই নতুন মুখ দিব্যাণীকে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে দিব্যাণী জানান, শুরুতে সৃজিতের বকুনির ভয় থাকলেও তিনি ও সহশিল্পী ঋক সব সংলাপ মুখস্থ করে শুটিংয়ে যেতেন। প্রদীপ কুমার নন্দীর প্রযোজনায় ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।