ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

Share

বিতর্ক পেছনে ফেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই মনোযোগী হয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সম্প্রতি সামাজিক মাধ্যমে স্ত্রী ও পুত্রসন্তানের সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। এক ভিডিওতে মোটরসাইকেলে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাতে দেখা যায় নোবেলকে। আরেক ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে গান গেয়ে শোনাতে দেখা গেছে তাকে। ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ও ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনেও পরিবারের সঙ্গে মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। নোবেলের এই পারিবারিক মুহূর্তগুলো দেখে ভক্তরাও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যমে অনেকে তার নতুন জীবন সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন। অতীতের বিতর্ক পেছনে ফেলে নোবেল আবার গানে মনোযোগ দেবেন—এটাই এখন ভক্তদের প্রত্যাশা।