ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন রিফাত। চিকিৎসার ব্যয় বহন করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। রিফাতের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর অভিনয়শিল্পী সংঘসহ শোবিজের বিভিন্ন সহকর্মী তার পাশে দাঁড়িয়েছেন। এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরীও তার চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানান। জায়েদ খান বলেন, রিফাত চৌধুরী তাদের সিনিয়র শিল্পী। সংকটের সময়ে তার পাশে দাঁড়ানো সহকর্মীদের দায়িত্ব। নিজের সামর্থ্য অনুযায়ী তিনি সহযোগিতা করেছেন এবং অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বর্তমানে রিফাত চৌধুরী ঢাকা মেডিকেলের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন।