দুবার বিয়ে-বিচ্ছেদ থেকে আত্মহত্যার চেষ্টা, কোথায় হারিয়ে গেলেন চার্মিলা

Share

একসময় মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ছিলেন চার্মিলা। নব্বইয়ের দশকে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেলেও ব্যক্তিজীবনে নানা টানাপোড়েনের মুখোমুখি হন তিনি। প্রেম, বিচ্ছেদ, দুই বিয়ে, ব্যর্থ দাম্পত্য ও কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগে বারবার আলোচনায় এসেছে তাঁর জীবন। ১৯৯৪ সালে অভিনেতা বাবু অ্যান্টনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান চার্মিলা। প্রায় চার বছর পর সেই সম্পর্ক ভেঙে গেলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে অভিনেতা ও সহকারী পরিচালক কিশোর সত্যকে গোপনে বিয়ে করেন। স্বামীর অনুরোধে অভিনয়ও ছেড়ে দেন। তবে সেই সংসারও টেকেনি। এরপর সফটওয়্যার প্রকৌশলী রাজেশকে বিয়ে করেন তিনি। তাঁদের একটি ছেলে রয়েছে। ধর্মীয় মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়েরও বিচ্ছেদ ঘটে। ২০২৪ সালে হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পর মালয়ালম চলচ্চিত্রজগতের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন চার্মিলা। তিনি কর্মক্ষেত্রে অশোভন আচরণ ও হয়রানির অভিযোগ তোলেন। বর্তমানে নিয়মিত সিনেমায় দেখা যায় না চার্মিলাকে। মাঝেমধ্যে চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করলেও একসময়কার এই জনপ্রিয় অভিনেত্রী এখন অনেকটাই আড়ালে।