টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত বিতর্কিত পোস্টার দেখা যাওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ১৬টি ফৌজদারি মামলা হয়। ‘ককরোচ আন্দোলন’-এ অংশ নেওয়ার সময় ওই পোস্টার বহন করেছিলেন তিনি। শ্রীলেখার দাবি, সেদিন চশমা না থাকায় পোস্টারের ছবি ও লেখা স্পষ্টভাবে দেখতে পারেননি। পরে ১৬টি মামলা খারিজের আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। শুনানি শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত শ্রীলেখার বিরুদ্ধে পুলিশের কঠোর কোনো ব্যবস্থা নেওয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আদালতের এই আদেশে স্বস্তি প্রকাশ করে শ্রীলেখা তার আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।