সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে তরুণ বাউলশিল্পী ভৈরবী

Share

মাত্র ১৭ বছর বয়সেই বাউল গানের মাধ্যমে পরিচিতি পাওয়া তরুণ শিল্পী পেহেলী ভৈরবী আর নেই। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই সম্ভাবনাময় কণ্ঠশিল্পী।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার একটি মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। অনুষ্ঠান শেষে শুক্রবার সকালে বাসে করে নিজ বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।

 

পুলিশ জানায়, ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষে নিহত নয়জনের মধ্যে ছিলেন পেহেলী ভৈরবী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বাউল ও লোকসংগীত অঙ্গনে তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সহশিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করছেন। সম্ভাবনাময় এই তরুণ শিল্পীর বিদায়কে সংগীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন অনেকে।