হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হ/ত্যা মামলার শুনানিতে তার দেহাবশেষ উদ্ধারের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে প্রসিকিউশন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নিখোঁজ হওয়ার তিন দিন পর তাই পো এলাকার একটি ভাড়া বাসা থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। আদালতে বলা হয়েছে, একটি বড় পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে তার খুলি পাওয়া গিয়েছিল। অ্যাবির সাবেক স্বামী অ্যালেক্স কোয়ং, সাবেক শ্বশুর কোয়ং কাউ ও দেবর অ্যান্থনি কোয়ংয়ের বিরুদ্ধে হ/ত্যা মামলা চলছে। তিনজনই অভিযোগ অস্বীকার করেছেন। প্রসিকিউশনের দাবি, একটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে পারিবারিক বিরোধ থেকেই হত্যার পরিকল্পনা করা হয়। আদালতে আরও বলা হয়, অভিযুক্তদের পরিকল্পনায় ভাড়া বাসা নেওয়া ও অ্যাবিকে সেখানে নিয়ে যাওয়ার মতো বিষয় ছিল। পুলিশ ওই বাসা থেকে হ/ত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করে। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, সম্পত্তি ও আর্থিক বিরোধই ঘটনার পেছনে মূল কারণ ছিল। অ্যাবি চোই ১৮ বছর বয়সে অ্যালেক্স কোয়ংকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান ছিল। বিচ্ছেদের পরও তিনি সাবেক স্বামীর পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতেন। মামলার শুনানি আরও কয়েক সপ্তাহ চলতে পারে।