বাংলা গানের জনপ্রিয় শিল্পী মনির খানের জন্মদিন আজ (১ আগস্ট)। ১৯৭২ সালের এই দিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে তার জন্ম। ‘অঞ্জনা’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি দেশের সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন।
১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ অ্যালবামের মাধ্যমে বাণিজ্যিকভাবে সংগীতজীবন শুরু করেন মনির খান। এরপর প্রেম, বিরহ ও জীবনঘনিষ্ঠ গানে কোটি শ্রোতার হৃদয় জয় করেন। প্রায় তিন দশকের ক্যারিয়ারে তিনি প্রকাশ করেছেন ৪৩টি একক অ্যালবাম, গেয়েছেন তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে এবং চার শতাধিক চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন।
সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। জন্মদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগীতজীবনের আরও সাফল্য কামনা করছেন।