ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী আজ তাদের ৩১তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। এ উপলক্ষে ওমর সানী ফেসবুকে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।” তিনি জানান, ৩১ বছর আগে তাদের সংসার শুরু হয়েছিল এবং সেই সংসার সন্তান ফারদিন ও ফাইজাকে ঘিরে পরিপূর্ণ হয়েছে।
তাদের পরিচয় হয় ১৯৯২ সালে, আর ১৯৯৩ সালে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ‘দোলা’ সিনেমায়। সেখান থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ১৯৯৫ সালের ২ আগস্ট তারা বিয়ে করেন।
বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকায় বিবাহবার্ষিকীর দিন তারা একসঙ্গে থাকতে পারেননি। তবে মুঠোফোনে শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করছেন। ওমর সানীর ফেসবুক পোস্টে কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা আসে।