বাংলাদেশের ব্যান্ডসংগীতে গিটারচর্চার অন্যতম পথিকৃৎ নিলয় দাশের জন্মদিন ছিল ৩০ সেপ্টেম্বর। গিটারিস্টের পাশাপাশি তিনি ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও শিক্ষক। নিও-ক্ল্যাসিক্যাল ও ফ্ল্যামেনকো গিটারে দক্ষ এই শিল্পী ১৯৮৮ সালে ‘কত যে খুঁজেছি তোমায়’ এবং ১৯৯২ সালে ‘বিবাগী রাত’ অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করেন ‘হ্যাপী স্কুল অব মিউজিক’, যেখানে নতুন প্রজন্মকে গিটার ও সংগীতের বিভিন্ন ধারা শেখাতেন। ২০০৬ সালে মারা গেলেও বাংলাদেশের বহু গিটারিস্টের সংগীতচর্চায় তাঁর প্রভাব আজও স্মরণ করা হয়।