সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি ও এর চালককে আটক করেছে পুলিশ। তবে দীর্ঘদিন পর হঠাৎ তৎপরতা এবং আটকের পর দ্রুত গাড়িটি আদালতে চালান দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মেঘলা। গত ২৮ জুলাই রাতে বনানীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি মেঘলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। মুখ ও মাথায় আঘাত পাওয়ায় প্রায় এক মাস আইসিইউ ও কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এই অভিনেত্রী। দুর্ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠার পর ১ সেপ্টেম্বর মেঘলার বাবা বনানী থানায় মামলা করেন। এর দুই দিন পর ৩ সেপ্টেম্বর রাতে গাড়ি ও চালককে আটকের কথা পরিবারকে জানায় পুলিশ। তবে পরদিন সকালেই গাড়িটি আদালতে চালান করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে মেঘলা প্রশ্ন তোলেন, এক মাসে যে ব্যবস্থা নেওয়া হয়নি, তা মাত্র এক দিনে কীভাবে সম্ভব হলো। পাশাপাশি গাড়ির মালিকের সঙ্গে পুলিশের কোনো যোগাযোগ বা যোগসাজশ ছিল কি না, সে বিষয়েও প্রশ্ন তুলে ঘটনার দ্রুততার ব্যাখ্যা দাবি করেন তিনি।