জর্জিয়ার রাজধানী তিবিলিসির একটি হোটেল কক্ষ থেকে থাই ইউটিউবার ও ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর লুন সোলোর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে দুই সপ্তাহের বেশি সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গত ২৯ জুলাই পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স ছিল ২৭ বছর।
লুন সোলোর প্রকৃত নাম বোওয়ার্নথাত পেংসুক। নতুন ভ্রমণভিত্তিক কনটেন্ট তৈরির জন্য তিনি জুলাইয়ের শুরুতে জর্জিয়া সফরে যান। তবে গত ১৩ জুলাইয়ের পর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। মরদেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করলেও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
স্বল্প ব্যয়ে বিশ্বভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে লুন সোলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ফেসবুকে তার প্রায় ২৪ লাখ অনুসারী এবং ইউটিউবে ১০ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।